পুবের কলম ওয়েবডেস্কঃ বিধানসভা নির্বাচন ঘিরে বঙ্গে রাজনীতির পারদ ক্রমেই চড়ছে। প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। সেই আবহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার মঞ্চে হঠাৎ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বীরভূমের লাভপুর বিধানসভার অন্তর্গত ঐতিহাসিক মা ফুল্লরা মেলার মাঠে শনিবার জনসভা ছিল অভিষেকের সভা। তৃণমূল সেনাপতির সভা শেষ হতেই মঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

তৃণমূল সুত্রে জানা যাচ্ছে, অভিষেকের সভা ঘিরে স্বাভাবিকভাবেই এদিন জনসভায় উপচে পড়া ভিড় ছিল। সভা শুরুর প্রথম দিকে সব কিছু ঠিকঠাকই ছিল।   নিজের বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নেমে যান অভিষেক। তার কয়েক মুহূর্ত পরেই আগুনের শিখা গ্রাস করে নেয় মঞ্চের উপরিভাগের কাঠামোকে। জানা গিয়েছে, মঞ্চের উপরিভাগের ডেকোরেশনের কাপড়ে আগুন লাগে।

প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই হুড়োহুড়ি পড়ে যায় সভাস্থলে। তবে আগুন বড় আকার ধারন করতে পারেনি। নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলে আগে থেকেই দমকলের ইঞ্জিন মোতায়েন করা ছিল। দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে দমকলের অনুমান, মাইক অথবা আলোকসজ্জায় শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। ঘটনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।