পুবের কলম, ওয়েবডেস্ক: অভিনেতা মনোজ বাজপেয়ীর আসন্ন ছবি 'ঘুষখোর পণ্ডিত'-কে কেন্দ্র করে উত্তরপ্রদেশে চরম রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। ছবির নাম হিন্দু ভাবাবেগে আঘাত করেছে—এমন অভিযোগেই এবার অভিনেতা মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার কঠোর নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যদিও বিতর্কের মুখে পড়ে নেটফ্লিক্স তাদের প্ল্যাটফর্ম থেকে ছবিটির টিজার সরিয়ে নিয়েছে।

জানা যায়, ছবির শিরোনাম 'ঘুষখোর পণ্ডিত' নিয়ে তীব্র আপত্তি জানিয়ে বিভিন্ন মহল থেকে একাধিক অভিযোগ জমা পড়েছিল।
অভিযোগকারীদের দাবি, এই ধরনের শিরোনাম হিন্দু ধর্মাবলম্বী এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত হেনেছে। অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছবিটির নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।

বিক্ষোভ এবং আইনি পদক্ষেপের খবর প্রকাশ্যে আসতেই নেটফ্লিক্স তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্ত টিজারটি তাদের প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়া হয়েছে।