পুবের কলম ওয়েবডেস্ক: লোহরপুর ঈদগাহ ময়দানে পরিণত হল জনসমুদ্রে। রাজ্যের তৃতীয় বৃহত্তম এবং মুর্শিদাবাদের সর্ববৃহৎ ঈদগাহ ময়দানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে শনিবার সকাল ৭টায় অনুষ্ঠিত হলো ঈদ-উল-আযহা'র নামাজ।
আরও পড়ুন:
এদিন জামেয়া মোহাম্মাদিয়া দারুল উলুম মাদ্রাসার শাইখুল হাদীস ও লোহরপুর ঈদগাহের পেশ ইমাম মাওলানা নুরুল ইসলাম কাশেমী সাহেবের ইমামতিতে এই বিশাল ঈদের জামাত সম্পন্ন হয়। চাচন্ড, লোহরপুর, জালাদিপুর, বাসুদেবপুর, সাহেবনগর, গাম্ভারতলা, তালতলা, নিমতলা, শিকদারপুর, উত্তর মোহাম্মদপুর-সহ আশেপাশের প্রায় ২০-২৫টি গ্রাম থেকে হাজার হাজার মানুষ ঈদের নামাজ আদায় করতে এই ময়দানে উপস্থিত হন।
আরও পড়ুন:

ঈদগাহের ভেতর ও চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় অনেক মুসল্লিকে আশেপাশের বাগান, রাস্তাঘাট, এমনকি স্থানীয় মসজিদেও নামাজ পড়তে হয়।
গায়ে পাজামা-পাঞ্জাবি পরে ছোট ছোট শিশুরাও সকাল সকাল গোসল সেরে বড়দের সাথে ঈদগাহের পথে রওনা হয়। গ্রামের রাস্তায় রাস্তায় কাতারবদ্ধভাবে তাসবিহ পাঠ করতে করতে মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করেন, আর সেই দৃশ্য জুড়ে ছিল ঈদের আনন্দ ও সৌভ্রাতৃত্বের উষ্ণ আবহ।আরও পড়ুন:
ঈদের খুতবায় ইমাম সাহেব কুরবানির তাৎপর্য, এর শিক্ষা ও আত্মত্যাগের মাহাত্ম্য তুলে ধরেন। একইসঙ্গে তিনি সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং সকল ধর্মপ্রাণ মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য উদ্বুদ্ধ করেন।
আরও পড়ুন:
কলকাতার রেড রোড এবং সুজাপুর ঈদগাহের পরে ঈদুল আযহার নামাজের আয়োজন ও অংশগ্রহণের দিক থেকে লোহরপুর ঈদগাহ ময়দান একটি উল্লেখযোগ্য স্থান হিসেবে পরিণত হয়েছে। প্রতি বছর ঈদের এই জামাতকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে যেমন থাকে ধর্মীয় উদ্দীপনা, তেমনি থাকে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার বার্তা।