পুবের কলম ওয়েব ডেস্কঃ আইন মেনে বকরি ঈদ বা কুরবানির ঈদ পালনের বার্তা দিল জমিয়তে উলামায়ে হিন্দ। শনিবার এই সংক্রান্ত একটি একটি গাইডলাইন প্রকাশ করেছে জমিয়তে। তাতে গোটা দেশের মুসলিমদের সরকারি নিয়মকানুন ও স্থানীয় প্রশাসনের নির্দেশ কঠোরভাবে মেনে কুরবানির ঈদ পালনের আহ্বান জানানো হয়েছে।  

জমিযতের সভাপতি মাহমুদ আসাদ মাদানী মুসলিমদের প্রতি বার্তা দিয়ে বলেন, "আইনের বিধান মেনে এবং শৃঙ্খলা বজায় রেখে কুরবানি করতে হবে।

" একইসঙ্গে পরিচ্ছন্নতা ও সম্প্রীতি বজায় রাখার ওপরেও জোর দিয়েছেন। মাদানীর কথায়, কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের ওপর ফরজ। তাই, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উচিত নিজ নিজ কুরবানির অংশটুকু আদায় করার জন্য চেষ্টা করা। গোটা দেশের মুসলিম সম্প্রদায়ের তাঁর আবেদন, কুরবানি করার জন্য অবশ্যই সরকারের জারি করা নির্দেশিকা এবং স্থানীয় প্রশাসনের তরফে প্রণয়ন করা নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে।
একইসঙ্গে, তাঁর বার্তা, আইন দ্বারা নিষিদ্ধ করা পশু কুরবানি করা উচিত নয়। 

মাদানী কুরবানির সময় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখার গুরুত্বের ওপরও জোর দিয়ে বলেন, কুরবানির পর যত্রতত্র পশুর বর্জ্য ফেলা যাবে না। তাঁর কথায়, "পশুর বর্জ্য কখনই রাস্তা, গলি বা নর্দমায় ফেলা উচিত নয়। তার পরিবর্তে, প্লাস্টিকের ব্যাগে ভরে সেগুলোকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।

এ ব্যাপারে পৌরসভা ও পরিচ্ছন্নতা কর্মীদের পূর্ণ সহযোগিতা করতে হবে। তাছাড়া,  কুরবানির কারণে যাতে অন্যদের কোনো অসুবিধা বা অস্বস্তি না হয় সেবিষয়টির খেয়াল রাখতে বলেছেন তিনি। বিবৃতিতে বলা হয়েছে, কুরবানির জন্য অন্যদের কোনো অসুবিধা, অস্বস্তি বা অসুবিধার কারণ না হয়, তা নিশ্চিত করতে সবরকমভাবে চেষ্টা কোর্টে হবে। 

এছাড়াও, জমিয়তের প্রধান কুরবানির পশু কেন বেচা ও পরিবহন সংক্রান্ত সকল আইনি প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করার জন্য পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, সমাজ মাধ্যমে এই সংক্রান্ত ছবি বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়াও কোনওরকমের সাম্প্রদায়িক উত্তেজনা বা উস্কানি সংক্রান্ত উদ্বেগের বিষয়ে তিনি জনগণকে আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত থাকার ও আইনি সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন।এব্যাপারে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন জানিয়েছন মাদানী।