পুবের কলম ওয়েব ডেস্কঃ ঝালমুড়ির পরে গঙ্গাবিহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ দফার আগে মোদীর এই নৌকা বিহার ঘিরে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই গঙ্গাবিহার প্রসঙ্গে মোদীকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যমুনা দূষণের কথা মনে করিয়ে মোদীকে তীব্র আক্রমণ করেন। 

শুক্রবার সকালে ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। সেই সময় দেখা যায়, প্রিন্সেপ ঘাটে একটি নৌকোয় পা রাখছেন নরেন্দ্র মোদী।

আগে থেকেই নৌকো নির্দিষ্ট করা ছিল। নৌকোর ছই ছিল গেরুয়া কাপড়ে মোড়া। মোদীর পরনে ছিল সাদা পোশাকের সঙ্গে বিস্কুট রঙের শাল। চোখে ফটোক্রোমাটিক চশমা। হাতে ডিএসএলআর ক্যামেরা। পাশে লাইফ জ্যাকেট পরা নিরাপত্তারক্ষীরা।
  বিধানসভার ভোটকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সভা করছেন। তাঁদের জনসংযোগের অঙ্গ হিসেবে শুক্রবার সকালে গঙ্গাবিহার করেন প্রধানমন্ত্রী। এই নিয়ে হাওড়ার সভা থেকে মোদীকে খোঁচা দিয়ে মমতা বলেন, "গঙ্গায় নৌকোবিহার করেছেন ভালো করেছেন। আমিও চন্দননগরে পুজোর সময় গঙ্গাবিহারে যাই। গঙ্গাসাগরেও যাই। কিন্তু আপনি একবার দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসুন।
পশ্চিমবঙ্গের গঙ্গা পরিষ্কার। আর দিল্লির যমুনা পুরো পলিউটেড। আপনি দিল্লির যমুনা সামলাতে পারেন না। তাই আমাদের গঙ্গায় এসে ছবি তুললেন।" 

শুধু মমতাই নন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এনিয়ে তোপ দাগতে ছাড়েননি। ডোমজুড়ের সভা থেকে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়  সরকারের পর্যটনের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডার মোদী। এভাবে তিনি ঘুরে ঘুরে না দেখলে বাংলার গঙ্গা কত সুন্দর, ঝাড়গ্রামের রাস্তা কত সুন্দর মানুষ বুঝতে পারত।