পুবের কলম ওয়েব ডেস্কঃ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হতেই গেরুয়া শিবিরে উচ্ছ্বাসের আবহ তৈরি হয়েছে। প্রাথমিক প্রবণতায় পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরিতে বিজেপি ও তাদের জোটসঙ্গীরা ভালো ফলের ইঙ্গিত পাচ্ছে বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। ভোটগণনার শুরু থেকেই এই তিন রাজ্যের ফলাফল ঘিরে বিজেপি শিবিরে বাড়তি আশা দেখা দিয়েছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক সভায় এই রাজ্যগুলিতে উল্লেখযোগ্য ফলের আশা প্রকাশ করেছিলেন।

ভোটের বাক্স খুলতেই প্রাথমিক প্রবণতা সেই প্রত্যাশাকে আরও জোরদার করছে বলেই মনে করছে দলীয় নেতৃত্ব। সূত্রের খবর, সন্ধ্যার দিকে দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে তাঁর বক্তব্য রাখার সম্ভাবনাও রয়েছে। 

দিল্লির দলীয় সদর দপ্তরে সকাল থেকেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে যায়।

ভোটগণনা শুরুর সঙ্গে সঙ্গেই কর্মীদের মধ্যে উৎসাহ চোখে পড়ে। মিষ্টি প্রস্তুত থেকে শুরু করে কর্মীদের আপ্যায়নের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দিনভর সেখানে কর্মী সমর্থকদের ভিড় বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এবারের নির্বাচনে বিজেপির সবচেয়ে বড় লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গ।
দীর্ঘদিন ধরেই রাজ্যে সংগঠন শক্তিশালী করতে বিশেষ জোর দিয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে অসমে টানা এক দশক ক্ষমতায় থাকার পর ফের সরকার গঠনের ব্যাপারে আশাবাদী দল। 

বুথফেরত সমীক্ষা এবং নিজেদের সাংগঠনিক হিসেব অনুযায়ী, অসমে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি। পুদুচেরিতেও জোটসঙ্গীদের সঙ্গে ভালো ফলের আশা করছে দল। সেখানেও ক্ষমতা ধরে রাখার বিষয়ে ইতিবাচক বার্তা পাচ্ছেন নেতৃত্ব। গণনার অগ্রগতির সঙ্গে সঙ্গে যদি এই প্রবণতা বজায় থাকে, তবে সন্ধ্যার পর দিল্লির গেরুয়া শিবিরে বড়সড় উদযাপনের ছবি দেখা যেতে পারে। ইতিমধ্যেই রাজধানীর দলীয় কার্যালয়ে সেই প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত মিলছে।