পুবের কলম ওয়েব ডেস্ক: নিট প্রশ্নফাঁস বিতর্কে ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এ বার ইথানল মিশ্রিত পেট্রল নীতি নিয়ে কেন্দ্রীয় সরকার তথা সড়ক পরিবহণ মন্ত্রী নিতীন গড়কড়ির বিরুদ্ধে অসন্তোষ তীব্র হচ্ছে। জ্বালানিতে ২০ শতাংশ ইথানল মেশানোর ফলে গাড়ির কার্যক্ষমতা হ্রাস ও মাইলেজ কমে যাওয়ার অভিযোগকে অস্ত্র করে জনমত সংগঠিত করতে শুরু করেছে নতুন সামাজিক সংগঠন ‘ই-২০ জনতা পার্টি’। একই সঙ্গে এই নীতি প্রত্যাহারের দাবি জানিয়ে আগামী ১ আগস্ট থেকে বড় মাপের আন্দোলনের ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ)।
আরও পড়ুন:
সোশাল মিডিয়ায় সিজেপি-র সাফল্যের আদলেই আত্মপ্রকাশ ঘটেছে ‘ই-২০ জনতা পার্টি’-র।
নেটিজেনদের মধ্যে দ্রুত সাড়া ফেলে দেওয়া এই সংগঠনের এক্স হ্যান্ডেলে অনুগামীর সংখ্যা ইতিমধ্যে সাড়ে ৪২ হাজার পেরিয়ে গিয়েছে এবং ইনস্টাগ্রামে অনুগামী সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ছাড়িয়েছে। প্রতিষ্ঠাতা বা নেপথ্য পরিচালকদের পরিচয় প্রকাশ্যে না এলেও সাধারণ চালকদের ক্ষোভকে কাজে লাগিয়ে সংগঠনটির জনপ্রিয়তা প্রতি মুহূর্তে বাড়ছে। ইথানল নীতির বিরোধিতার পাশাপাশি ইথানল ব্যবসার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়কড়ির দুই পুত্র এবং ‘সায়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ’-এর সম্পত্তি বৃদ্ধির বিষয়টি নিয়েও সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়েছে।আরও পড়ুন:
অন্য দিকে, কেন্দ্রীয় সরকারের ই-২০ ইথানল নীতির সমালোচনা করে সরব হয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ইথানল মিশ্রিত পেট্রলের দরুণ সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন এবং তাঁদের যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই প্রধানমন্ত্রীকে এ বিষয়ে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। ই-২০ সংক্রান্ত জনক্ষোভকে সামনে রেখে আগামী শনিবার, ১ আগস্ট দিল্লির টাউনহলে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে আম আদমি পার্টি। দিল্লির পাশাপাশি অন্যান্য রাজ্যের সাধারণ মানুষকেও ভার্চুয়াল মাধ্যমে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।