পুবের কলম ওয়েব ডেস্কঃ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করার স্বপ্ন পূরণ হয়েছিল। কিন্তু সেই সাফল্যের আনন্দ নিয়ে আর ঘরে ফেরা হল না। মাউন্ট এভারেস্ট থেকে নামার পথে অসুস্থ হয়ে মৃত্যু হল দুই ভারতীয় পর্বতারোহীর। শুক্রবার নেপাল সরকারের তরফে এই মর্মান্তিক ঘটনার কথা জানানো হয়েছে। মৃত দুই পর্বতারোহীর নাম অরুণ কুমার তিওয়ারি এবং সন্দীপ আরে।

 

নেপালের অভিযান পরিচালনাকারী সংগঠনের সাধারণ সম্পাদক ঋষি ভাণ্ডারি জানিয়েছেন,  এভারেস্ট থেকে নীচে নামার সময় আচমকাই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তাঁদের। উদ্ধারকারী শেরপারা প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। জানা গিয়েছে, বুধবার সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন সন্দীপ। কিন্তু পরের দিন নামার সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাতের দিকে উদ্ধারকারী দল অভিযান শুরু করে।

এভারেস্টের ব্যালকনি  নামে পরিচিত বিপজ্জনক অংশ থেকে তাঁকে উদ্ধার করে নীচে শিবিরে নিয়ে আসা হয়। সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসা ও প্রাথমিক সেবার চেষ্টা চললেও শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর।

অন্যদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এভারেস্ট শৃঙ্গে পৌঁছেছিলেন অরুণ কুমার তিওয়ারি। ফেরার পথে হিলারি স্টেপ-এর কাছে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে থাকা গাইড এবং শেরপারা তাঁকে নিরাপদ জায়গায় নামিয়ে আনার আপ্রাণ চেষ্টা করেছিলেন।

কিন্তু প্রতিকূল আবহাওয়া ও শারীরিক অবস্থার দ্রুত অবনতির কারণে শেষ পর্যন্ত তাঁকেও বাঁচানো যায়নি। প্রসঙ্গত, "হিলারি স্টেপ" এভারেস্ট শৃঙ্গের ঠিক নীচের অত্যন্ত কঠিন ও বিপজ্জনক একটি পাথুরে অংশ। প্রায় ১২ মিটার উঁচু এই পথ পর্বতারোহীদের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে পরিচিত। ১৯৫৩ সালে এডমন্ড হিলারি প্রথম এই অংশ অতিক্রম করে এভারেস্ট জয় করেছিলেন। তাঁর নাম অনুসারেই জায়গাটির নামকরণ হয়। নেপালের প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, চলতি অভিযানের মরশুমে এভারেস্টে এখনও পর্যন্ত মোট পাঁচ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে।