পুবের কলম ওয়েব ডেস্কঃ আজ বঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন। সকাল থেকেই চলছে ১৫২ টি কেন্দ্রে ভোট গ্রহণ। মোটামুটিভাবে শান্তিপূর্ণ ভোট হলেও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও অনিয়মের অভিযোগও উঠেছে। এবার মুর্শিদাবাদের ভরতপুর ও বহরমপুর দু’টি বিধানসভা কেন্দ্রেই অনিয়মের অভিযোগ তুলে সরব হল কংগ্রেস। অভিযোগ উঠেছে কোথাও বুথ দখল করা হয়েছে আবার কোথাও ইভিএম বিকল হয়ে পড়েছে।

এই সমস্ত অভিযোগ নিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্ত হল কংগ্রেস। তাদের অভিযোগ, একাধিক জায়গায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। 

জানা যাচ্ছে, এনিয়ে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন কংগ্রেস নেতা নিলয় প্রামাণিক। কংগ্রেসের দাবি অনুযায়ী, কমপক্ষে ১০ টি বুথে অশান্তি হয়েছে। কংগ্রেসের এজেন্টদের জোর করে বাইরে বের করে দেওয়া হয়েছে। এগুলি হল সালার থানার অন্তর্গত ১৫৭, ১৫৮, ১৫৯, ১৬০, ১৬৪, ১৬৫, ১৬৬, ১৬৭, ১৬৮ ও ১৬৯ নম্বর বুথ।

কংগ্রেসের অভিযোগ, এই ধরনের কাজ বেআইনি এবং গণতন্ত্রের পরিপন্থী। এমনকি এনিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি বলে দাবি কংগ্রেসের। তারা বলছে, প্রশাসনের কাছে বিষয়টি জানাতে গেলে তাদের থানায় যেতে বলা হয়। একইসঙ্গে কংগ্রেসের দাবি, সেখানে কোনও কুইক রেসপন্স টিম ছিল না। 

হাত শিবিরের অভিযোগ, ওই সমস্ত বুথে পুনর্নির্বাচন করতে হবে। তাছাড়া, পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দোষীদের শাশ্তি দিতে হবে।

  এদিকে, বহরমপুর বিধানসভা কেন্দ্রের ১৪১ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। সেখানে ইভিএম বিকল হয়ে যাওয়ায় ভোট দান সাময়িকভাবে বন্ধ থাকে। এরফলে চড়া রোদের মধ্যেও লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ভোটারদের।কংগ্রেস দাবি তুলেছে, সেখানে প্রয়োজনে ভোটের সময় বাড়াতে হবে। দুটি ঘটনায় কংগ্রেসের কাছে স্পর্শকাতর মনে হয়েছে। এই দুটি ঘটনা নিয়ে কমিশনের দ্বারস্ত হয়েছে হাত শিবির।