পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটের দিন হিংসার ঘটনা সেভাবে ঘটেনি। কিন্তু, ভোট মিটতেই কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠল। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর ঘনিষ্ঠ দেবদীপ চট্টোপাধ্যায়কে খুন করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট জমা পড়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, আসানসোল উত্তর বিধানসভা এলাকায় অনন্যা কমপ্লেক্সের বাসিন্দা দেবদীপ।
কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডিও ওই আবাসনে থাকেন। কগ্রেস প্রার্থীর অভিযোগ, ভোট মিটে যাওয়ার পরেই দেবদীপকে খুন করা হয়েছে। কারণ তিনি তাঁর ঘনিষ্ঠ। শাসক দলের কর্মীরা তাঁর ওপর শুক্রবার রাতে হামলা চালায় বলে অভিযোগ কংগ্রেস প্রার্থীর। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তাঁর মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। কংগ্রেস প্রার্থী প্রসেনজিতের নেতৃত্বে অনন্যা কমপ্লেক্স আবাসনের বাসিন্দারা দেহ নিয়ে আসানসোল দক্ষিণ পুলিশফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখান। কংগ্রেসের দাবি, এটা ভোট পরবর্তী হিংসার ঘটনা। এর সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফাতারের দাবি জানায় কংগ্রেস। তাদের দাবি গ্রেফতার করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। পরে এই ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে তাদের আটক করা হয়।আরও পড়ুন:
এদিকে, এই ঘটনার ডিইও-র কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছেন ডিইও। তাতে বলা হয়েছে, এটা ভোট পরবর্তী হিংসা বা রাজনৈতিক হিংসার ঘটনা নয়, রাস্তায় গণ্ডগোলের কারণেই ঘটেছে এই ঘটনা। যদিও তা মানতে নারাজ মৃতের পরিবারের সদস্যরা।