পুবের কলম ওয়েবডেস্কঃ বিধানসভা ভোটের আগে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ু। আজ রবিবার বিকেলে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাতে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। তার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন:
জানা গিয়েছে, আজ বিকেলে বিরুধুনগর জেলার কাত্তানরপট্টি গ্রামের একটি বাজি উৎপাদন কেন্দ্রে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এরফলে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, কারখানায় বাজি তৈরির জন্য রাসায়নিক মিশ্রণ করা হচ্ছিল। সেই সময় মিশ্রণে স্ফুলিঙ্গ দেখা যায়। তা থেকেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এরফলে আগুন লেগে যায় কারখানায়। স্থানীয়রা জানাচ্ছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পার্শ্ববর্তী এলাকাও কেঁপে ওঠে। বিস্ফোরণের ফলে কারখানার ৪ টি ইউনিট পুরো ধংস হয়ে গিয়েছে। সেই সময় বহু শ্রমিক কাজ করায় হতাহতের সংখ্যা বেশি। এদিকে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাশাপাশি উদ্ধারকারী দল। তাঁরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি হতাহতদের উদ্ধার করে। শেষ খবর পাওয়া অনুযায়ী, এখনও পর্যন্ত ১৩ জনের দেহ উদ্ধার সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন:
আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।ধ্বংসস্তূপের নীচে আরও বেশ কয়েকজন শ্রমিক আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে জোর গতিতে। পাশাপাশি, মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্চে। ইতিমধ্যেই এই ঘটনার প্রকৃত কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল রাজ্যে ভোট রয়েছে।