পুবের কলম, ওয়েবডেস্ক: গুয়াহাটিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় স্তব্ধ জনজীবন। রবিবার সন্ধ্যার ভারী বৃষ্টিতে গুয়াহাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে এক মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। মালিগাঁও চারিয়ালি এলাকায় জলমগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি খোলা ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে পায়েল নাথ নামে এক মহিলার। এই ঘটনার পাশাপাশি একই এলাকায় একটি পাঁচ বছরের শিশুও ড্রেনে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে প্রবল বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাট দ্রুত জলমগ্ন হয়ে পড়ে।

ফুটপাথ সংলগ্ন একটি খোলা ড্রেন জলের নিচে থাকায় তা কার্যত 'মৃত্যুফাঁদে' পরিণত হয়। পায়েল নাথ অসাবধানতাবশত সেই খোলা ম্যানহোলে পড়ে যান এবং প্রবল জলের তোড়ে ভেসে যান। নিখোঁজ মহিলার সন্ধানে গুয়াহাটি সিটি পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ পর ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে ড্রেনের একটি খোলা অংশ থেকে দুই যুবক তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শহরের বর্তমান পরিস্থিতি এবং নতুন করে প্লাবনের আশঙ্কায় কামরূপ মেট্রোপলিটন জেলা প্রশাসন বড় সিদ্ধান্ত নিয়েছে। গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার অধীনে থাকা সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাসিন্দাদের অপ্রয়োজনে ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বা খোলা ড্রেন নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে শহরের নিকাশি ব্যবস্থা এবং খোলা ম্যানহোল নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বৃষ্টির জমা জলের কারণে কোথায় ড্রেন আর কোথায় রাস্তা তা বোঝার উপায় না থাকাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন শহরবাসী।