পুবের কলম, ওয়েবডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। দেহরাদুন হাওয়া অফিসের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রায় ১৩ টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবারও ভারী বৃষ্টির হয় রাজ্যজুড়ে।

বদ্রীনাথ হাইওয়ে সহ একাধিক জায়গায় ধস নামে। মৌসম ভবনের তরফেও আগামী পাঁচদিন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও উত্তর প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একদিকে ধস ও অন্যদিকে ভারী বৃষ্টির কবলে বিপর্যস্ত জন-জীবন। ফলে বন্ধ হয়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা।

উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে গঙ্গা নদী বিপদসীমা পার করেছে।

হরিদ্বারেও জল বিপদসীমা ছুঁয়েছে। অলকানন্দা নদীর উপরে তৈরি বাঁধ থেকে জল ছাড়ার কারণে জলস্তর বৃদ্ধি পেয়েছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও উত্তর প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায়, যান চলাচল ও বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিতে পারে বলে আগাম জানানো হয়েছে।ধসের কারণে যোশীমঠ-মালারি রোডের একটি ব্রিজ ভেঙে পড়েছে। চামোলি জেলার যোশীমঠেও নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। পিথোরাগড় জেলাতেও ধরচুলা নদী বিপদসীমা দিয়ে বইছে। এদিকে বন্যায় জবুথবু অবস্থা দিল্লির। লাল কেল্লা, সুপ্রিম কোর্টের রাস্তাগুলি জল ঢেকেছে। যমুনা জলস্তর নেমেছে।