পুবের কলম প্রতিবেদক  এ বছর উচ্চ মাধ্যমিকে সব বিষয়ে রিভিউ করার সুযোগ পাবেন পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

নয়া সিদ্ধান্ত অনুযায়ী, এই বছর সব বিষয়েই রিভিউ এবং স্ক্রুটিনি করার সুযোগ  পাবেন পরীক্ষার্থীরা। এতদিন মাত্র দুটি বিষয়ে এই আবেদন করা যেত।

শুধুমাত্র এই বছরের জন্য  পরীক্ষার্থীরা সকল বিষয়ে রিভিউর আবেদন করতে পারবেন  বলে সিদ্ধান্ত নিয়েছে সংসদ।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে সংসদ জানিয়েছে, পরীক্ষার্থীরা শুধুমাত্র এই বছর সব বিষয়ে রিভিউ করতে পারবেন। আগামী ২০ জুন থেকে এই আবেদন করা যাবে। আগামী ৫ জুলাই পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন জমা করা যাবে।

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ১০ জুন । আর ফল প্রকাশ হতেই জেলায় জেলায় বিক্ষোভে নেমে পড়েন পরীক্ষার্থীরা। তাঁদের দাবি ছিল, ভালো পরীক্ষা দিয়েও তাঁরা পাশ করতে পারেননি। কারও দাবি, উত্তরপত্র ঠিকভাবে দেখা হয়নি।

বিক্ষোভে তাঁদের সঙ্গে শামিল হন তাঁদের অভিভাবকরাও। বিক্ষোভের আঁচ পড়ে সল্টলেকে সংসদের দফতরের সামনেও। এই বিক্ষোভে রাশ টানতেই শুধুমাত্র এই বছরের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নয়া এই বিজ্ঞপ্তি জারি করল।

এই বিষয়ে পড়ুয়া ও অভিভাবকদের কথায়, এতে পড়ুয়াদের সুবিধা হবে।  নম্বর কম পাওয়া ছাত্রছাত্রীরা রিভিউ করে তাদের সন্দেহ কাটাতে পারবে। সংসদের এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকরা।