পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে চলা বিতর্কের মাঝেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, আপিল ট্রাইব্যুনালকে নতুন নথি গ্রহণের আগে অবশ্যই তার সত্যতা যথাযথভাবে যাচাই করতে হবে। যাচাই ছাড়া কোনো নথি গ্রহণ করা যাবে না।
এই নির্দেশে সন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক প্রচারসভা থেকে তিনি বলেন, “আমি আজ খুশি।
ভোটের আগে ফর্ম ৬ জমা দেওয়া নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিহার ও উত্তরপ্রদেশের ভোটারদের পশ্চিমবঙ্গের তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। তাঁর দাবি, বিপুল সংখ্যক ফর্ম ৬ একসঙ্গে জমা দিয়ে ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে। শুনানিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়-ও অভিযোগ তোলেন, একজন ব্যক্তি প্রায় ৩০ হাজার ফর্ম ৬ জমা দিয়েছেন—যা সন্দেহজনক। তাঁর প্রশ্ন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও কীভাবে এত সংখ্যক ফর্ম জমা পড়ছে।
অন্যদিকে, নির্বাচন কমিশন-এর যুক্তি, ফর্ম ৬ জমা দেওয়া একটি চলমান প্রক্রিয়া এবং যে কেউ তা জমা দিতে পারেন। তবে সব আবেদন যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কমিশনের।
প্রথমে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, বিচার বিভাগীয় আধিকারিকের কাছে দাখিল না করা নতুন নথি ট্রাইব্যুনাল গ্রহণ করতে পারবে না। পরে আবেদনকারীদের আপত্তির প্রেক্ষিতে আদালত নির্দেশ সংশোধন করে জানায়, নথির সত্যতা যাচাইয়ের পরই তা গ্রহণযোগ্য হবে।
এছাড়াও আদালত নির্দেশ দিয়েছে, বিচার বিভাগীয় আধিকারিকদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে—অনলাইন ও অফলাইন, উভয় ধরনের আপিল সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে।