ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মাঝে লোকসভায় সরকারের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। তিনি জানান, বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা, ল্যাব টেস্ট এবং ফিল্ড ট্রায়ালে ই-২০ পেট্রল ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিনের ক্ষতি বা মাইলেজ কমে যাওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

সংসদে লিখিত জবাবে গড়করি বলেন, ইথানল মিশ্রিত জ্বালানি চালুর আগে বিশেষজ্ঞদের মতামত, দীর্ঘমেয়াদি গবেষণা এবং বিভিন্ন ধরনের দু’চাকা ও চার চাকার গাড়ির উপর বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেই সব পরীক্ষার ফলাফলে ইঞ্জিন বিকল হওয়া বা জ্বালানির দক্ষতা কমে যাওয়ার কোনও প্রমাণ মেলেনি।

এর আগে এক সাংবাদিক ই-২০ পেট্রল ব্যবহারের পর নিজের গাড়ির মাইলেজ কমে যাওয়ার অভিযোগ তুলেছিলেন।

সেই প্রসঙ্গে গড়করি বলেছিলেন, সাধারণভাবে গাড়ির মালিকরা সঠিকভাবে মাইলেজ পরিমাপ করতে পারেন না। তাঁর মতে, অনুমোদিত ডিলারদের নির্দিষ্ট যন্ত্রের মাধ্যমেই নির্ভুলভাবে মাইলেজ পরীক্ষা করা সম্ভব।

তবে ই-২০ পেট্রল নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও সংশয় রয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, বহু গাড়িচালক, এমনকি শাসক জোটের সমর্থকদের একাংশও ই-২০ ব্যবহারে অনীহা প্রকাশ করেছেন। তাঁদের প্রধান উদ্বেগ, এই জ্বালানি ব্যবহারে গাড়ির মাইলেজ কমতে পারে। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, এ ধরনের আশঙ্কার পক্ষে এখনও পর্যন্ত কোনও বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।