পুবের কলম, ওয়েবডেস্ক: ইডি এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ তুলে কংগ্রেসের নেতৃত্বে সুপ্রিম কোর্টে একযোগে মামলা করেছিল ১৪টি বিরোধী দল। ৫ এপ্রিল শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে। বুধবার সেই আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন:
শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চ এই মামলার রায় প্রসঙ্গে জানায়, একটি মামলার তথ্যের সঙ্গে সম্পর্ক না রেখে সাধারণ নির্দেশিকা তৈরি করা বিপজ্জনক হবে। এদিন আদালতে বর্ষীয়ান আইনজীবী এ এম সিংভি বলেন, সুপ্রিম কোর্ট এই আবেদনটি গ্রহণ করার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেছে। এর পরেই আইনজীবী সিংভি রাজনৈতিক দলগুলির হয়ে আবেদনটি তুলে নেওয়ার পক্ষে সওয়াল করেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়ের বেঞ্চ এই মামলা খারিজ করে দিয়ে আবেদনকারীদের বলে, বিরোধী রাজনৈতিক নেতা এবং অন্য নাগরিকদের ভিন্নমত পোষণ করার মৌলিক অধিকার খর্ব করে তাদের বিরুদ্ধে জোর করে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে।
যখন আপনাদের কাছে কোনও পৃথক বা গোষ্ঠী সংক্রান্ত কোনও মামলা থাকবে তখন আপনারা ফের আদালতে আবেদন করতে পারেন।আরও পড়ুন:
প্রসঙ্গত, আবেদনকারীদের মধ্যে কংগ্রেস ছাড়াও ছিল ডিএমকে, আরজেডি, ভারত রাষ্ট্র সমিতি, তৃণমূল কংগ্রেস, আপ, এনসিপি, শিব সেনা (উদ্ধব), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেড(ইউ), সিপিএম, সিপিআই, সমাজবাদি পার্টি, জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স।
বিরোধী দলগুলির অভিযোগ ছিল, শাসকদল বিজেপিতে যোগ দিলেই ইডি এবং সিবিআইয়ের করা যে কোনও তদন্ত মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি ছিল, ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি নিরপেক্ষভাবেই কাজ করছে, কোনও সরকারি হস্তক্ষেপ নেই।