নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অসমের হিমন্ত বিশ্বশর্মা সরকার। এরই মধ্যে সোমবার গভীর রাতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রের সরকারি প্রতিনিধিদের বৈঠক হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
আরও পড়ুন:
রাত প্রায় ১টার সময় সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক চলে। তাঁর দাবি, বৈঠকে বিহার ও অসম সরকারের জারি করা বিজ্ঞপ্তি তুলে ধরা হয় এবং কেন্দ্রের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, এনডিএ-শাসিত অন্যান্য রাজ্যেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন:
এর আগে সোমবার বিকেলে সাংবাদিক বৈঠকে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে যে সমঝোতা হয়েছিল, তা ভঙ্গ করা হয়েছে। তাঁর দাবি, বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি-সহ একাধিক রাজ্যে বহু শিক্ষার্থীকে গ্রেফতার বা হয়রানির মুখে পড়তে হয়েছে।
আরও পড়ুন:
সাংবাদিক বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই বিহার সরকার বিজ্ঞপ্তি জারি করে জানায়, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করা হবে এবং আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে। পরে একই ধরনের পদক্ষেপের ঘোষণা আসে অসম সরকারের পক্ষ থেকেও।
আরও পড়ুন:
সৌরভ দাসের দাবি, সাংবাদিক বৈঠকের পরই সরকারি প্রতিনিধিরা আলোচনায় বসেন। দীর্ঘ বৈঠকের শেষে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি বিজেপি ও এনডিএ-শাসিত রাজ্যগুলিও পৃথকভাবে বিজ্ঞপ্তি দিয়ে নিট-প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বৈঠক শেষে সৌরভ বলেন, “সরকার আমাদের আশ্বাস দিয়েছে, আগামীকালের মধ্যেই সমস্ত রাজ্য থেকে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে।” তবে কেন্দ্র বা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির পক্ষ থেকে এই দাবিগুলির বিষয়ে স্বাধীনভাবে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ এখনও প্রকাশ্যে আসেনি।