বীরভূমের মহম্মদবাজারে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজার মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা। রাতভর তল্লাশি ও টাকা গোনার পর বৃহস্পতিবার সকালে মিনার মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়া নগদ অর্থ ও সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি সিল করে দেওয়া হয়েছে তাঁর বাড়িও।

পুলিশ সূত্রে খবর, বিপুল পরিমাণ নগদ ও সোনা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এই বিপুল সম্পদের উৎস কী, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ধৃতের ছেলে দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা ও সোনা তাঁদের নয়। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলই নাকি সেগুলি তাঁদের বাড়িতে রেখে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনার মণ্ডল একসময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (NBSTC) বাসচালক ছিলেন। প্রায় চার বছর আগে স্বেচ্ছাবসর নিয়ে তিনি টুলু মণ্ডলের ব্যবসার দেখভালের দায়িত্ব নেন। টুলু মণ্ডলের ইজারায় থাকা একাধিক ডুপ্লিকেট চালান রিসিপ্ট (ডিসিআর) গেটের মধ্যে রায়পুরের ডিসিআর গেটের দায়িত্বে ছিলেন মিনার। মহম্মদবাজার থানার ডেউচা বাসস্ট্যান্ড সংলগ্ন তাঁর দোতলা বাড়ি এলাকায় পরিচিত হলেও এত বিপুল নগদ ও সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া অর্থ ও সোনার উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে মিনার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।