পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ টালবাহানা আর আইনি টানাপোড়েন পেরিয়ে ফের স্বমহিমায় ভোট ময়দানে বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বোলপুরের ভাগবত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন তিনি। ভোট দিয়ে বেরিয়েই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের বিপুল জয়ের আগাম বার্তা দিলেন কেষ্ট।
আরও পড়ুন:
এদিন মেয়ে সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন অনুব্রত। বুথ থেকে বেরোতেই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা।
জেলায় কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়ি আর সাঁজোয়া গাড়ির দাপাদাপির মধ্যেও ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। অনুব্রত বলেন, “খুব ভালো লাগছে। অত্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন চেয়েছিলেন, বাংলায় ঠিক তেমনই ভোট হচ্ছে।”আরও পড়ুন:
রাজ্যে তৃণমূল কতগুলি আসন পেতে পারে?
সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাসের সুরে অনুব্রত দাবি করেন, “এবার তৃণমূল কংগ্রেস ২৩০টি আসন পাবে।” নিজের জেলা বীরভূম নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী— জেলার সবকটি আসনেই ঘাসফুল ফুটবে। বিরোধীদের কোনও সুযোগ নেই বলেই মনে করছেন তিনি।আরও পড়ুন:
গত কয়েক বছর কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে থাকার পর, ভোটের ময়দানে অনুব্রতর এই সক্রিয়তা তৃণমূল কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা জুগিয়েছে। বিরোধীরা যখন জেলায় কেন্দ্রীয় বাহিনীর আধিক্য নিয়ে সরব, তখন অনুব্রতর মুখে ‘শান্তিপূর্ণ ভোটের’ এই শংসাপত্র রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ।