পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলল শাসকদল তৃণমূল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করা এবং নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচনী কমিশনারকে চিঠি পাঠালেন তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য ডেরেক ও'ব্রায়েন।
 
তৃণমূলের জমা দেওয়া অভিযোগপত্রের কেন্দ্রে রয়েছে গত ৫ই এপ্রিল নন্দীগ্রামে সিইও-র সফর। দলের দাবি, ওই দিন মনোজ আগরওয়াল নন্দীগ্রামের বিভিন্ন হিন্দু-অধ্যুষিত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। কিন্তু এই সফরের সময় তাঁর সঙ্গী হিসেবে যাঁকে দেখা গিয়েছে, তা নিয়েই তৈরি হয়েছে তীব্র বিতর্ক।

তৃণমূলের অভিযোগ, সিইও-র সঙ্গে ওই এলাকায় বাড়ি বাড়ি ঘুরেছেন স্থানীয় বিজেপি নেতা তথা কালীচরণপুর এলাকা কমিটির আহ্বায়ক তপন কুমার মহাপাত্র।
 
নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে একটি ছবিও সংযুক্ত করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে দেখা যাচ্ছে, শীর্ষ নির্বাচনী আধিকারিক এবং বিজেপি নেতা পাশাপাশি রয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে ডেরেক ও'ব্রায়েন দাবি করেছেন, একজন উচ্চপদস্থ নির্বাচনী আধিকারিক কোনো রাজনৈতিক দলের নেতার সাথে বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন, যা নজিরবিহীন। নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার বদলে সিইও একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধি করছেন। তৃণমূল স্পষ্ট জানিয়েছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত এবং দোষী আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা বিষয়টি ছাড়বে না।