পুবের কলম, ওয়েবডেস্ক: হাই-ভোল্টেজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল রাজ্য রাজনীতি। সোমবার নির্বাচন কমিশন রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদল করার যে তালিকা প্রকাশ করেছে, তাতে ভবানীপুর কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে সুরজিৎ রায়কে। আর এই নিয়োগ ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নবনিযুক্ত এই আধিকারিক ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘অত্যন্ত ঘনিষ্ঠ’।


 
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শাসকদলের দাবি, সুরজিৎ রায়কে এই পদে বহাল রাখলে নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট হতে পারে। অভিযোগপত্রে বলা হয়েছে- নবনিযুক্ত রিটার্নিং অফিসার সরাসরি বিজেপি প্রার্থীর অঙ্গুলিহেলনে কাজ করছেন। তাঁর উপস্থিতিতে ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
তৃণমূলের দাবি, অবিলম্বে সুরজিৎ রায়কে সরিয়ে সেখানে কোনও নিরপেক্ষ আধিকারিককে নিয়োগ করতে হবে।
 
শুভেন্দু-ঘনিষ্ঠতার অভিযোগ ও রাজনৈতিক তরজা
তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারীর সঙ্গে সুরজিৎ রায়ের দীর্ঘদিনের ব্যক্তিগত ও পেশাদার ঘনিষ্ঠতা রয়েছে। নির্বাচনী রণকৌশলে বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিতেই পরিকল্পিতভাবে এই নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ শাসকদলের। পাল্টা জবাবে বিজেপি নেতৃত্ব এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। গেরুয়া শিবিরের দাবি, হার নিশ্চিত জেনেই এখন সরকারি আধিকারিকদের ওপর দায় চাপাচ্ছে তৃণমূল।