পুবের কলম ওয়েবডেস্ক: নিজের কেন্দ্র ভবানীপুরে শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৩ এপ্রিল থেকে টানা চারদিন নিজের নির্বাচনী এলাকায় নজিরবিহীন কর্মসূচি নিয়েছেন তৃণমূলনেত্রী। আটটি ওয়ার্ড মিলিয়ে মোট ৯টি জনসভা ও পদযাত্রা করবেন তিনি। বৃহস্পতিবার সুব্রত বক্সির অফিসে ভবানীপুরের সমস্ত কাউন্সিলরদের নিয়ে আয়োজিত বিশেষ বৈঠকে এই রণকৌশল চূড়ান্ত হয়েছে।


বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ এপ্রিল থেকে ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। একটি বড় ওয়ার্ডের গুরুত্ব বুঝে সেখানে দু’টি পৃথক সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ২৪ এপ্রিল যাদবপুর ৮বি থেকে শুরু হওয়া এক বিশাল র‌্যালিতেও হাঁটবেন মমতা, যা যাদবপুর, টালিগঞ্জ, রাসবিহারী হয়ে ভবানীপুর কেন্দ্র স্পর্শ করবে।

সূত্রের খবর, তৃণমূলনেত্রীর সমর্থনে প্রচারে নামতে পারেন অখিলেশ যাদব ও হেমন্ত সোরেনের মতো জাতীয় স্তরের হেভিওয়েট নেতারা।

ইতিমধ্যেই ভবানীপুরে সৈকত মিত্র বা বর্ণালী মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা প্রচার শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ছাত্র-যুবর পক্ষ থেকেও এক বিশাল বর্ণময় মিছিল আয়োজিত হয়, যেখানে প্রায় ১০ হাজার নতুন প্রজন্মের ভোটার অংশ নেন। সার্থক বন্দ্যোপাধ্যায় ও সাবির আলির নেতৃত্বে হাজরা মোড় থেকে শুরু হওয়া এই মিছিলে পা মেলান ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার ও কাজরী বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বরা। ঘরের মেয়ের সমর্থনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখন ভবানীপুরের নির্বাচনী মেজাজকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।