পুবের কলম, ওয়েবডেস্ক: ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালেই বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে তিনি পৌঁছন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে। তাঁর সঙ্গে ছিল বিশাল মিছিল এবং দলীয় নেতা-কর্মীদের ঢল। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মনোনয়ন পর্বে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, পরিবারের সদস্যরা এবং দলের একাধিক শীর্ষ নেতা। পথে দুই ধারে ভিড় জমায় বহু মানুষ।
তাঁদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান মমতা। মিছিল জুড়ে শোনা যায় ‘জয় বাংলা’ স্লোগান, মহিলারা শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানান।ভিড় সামলাতে পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করে। রাস্তার একাংশ গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়। তবুও সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
মনোনয়ন জমা দেওয়ার পর ভবানীপুরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখান থেকেই আমার সব কিছু। এই কেন্দ্রের মানুষই আমাকে শক্তি দিয়েছেন।” জানা গিয়েছে, ভবানীপুরের বহুত্ববাদী চরিত্রকে গুরুত্ব দিয়ে তাঁর মনোনয়নপত্রে বিভিন্ন ধর্ম, ভাষা ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রাখা হয়েছে। প্রস্তাবকদের তালিকাতেও সেই বৈচিত্র্যের প্রতিফলন দেখা গিয়েছে। এবারের নির্বাচনে ভবানীপুর কেন্দ্র ঘিরে রাজনৈতিক লড়াই তুঙ্গে। সেই প্রেক্ষাপটে মমতার এই শক্তি প্রদর্শন ও আবেগঘন বার্তা ভোটের লড়াইয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।