পুবের কলম ওয়েব ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দলের বিধায়ক ও নেতাদের উপস্থিতিতে মমতার বার্তা, বাংলায় বিজেপির মোকাবিলায় সব বিরোধী শক্তিকে এক ছাতার তলায় আসতে হবে। শুধু বামপন্থী দলই নয়, অতিবাম সংগঠনগুলির প্রতিও তিনি হাত বাড়িয়ে দেন।
আরও পড়ুন:
এদিন মমতা জানান, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বর্তমান পরিস্থিতিতে বৃহত্তর স্বার্থে সবাইকে একজোট হওয়া জরুরি।
তাঁর বক্তব্য, চারদিকে যে সন্ত্রাস ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তার বিরুদ্ধে লড়াই করতে হলে বিজেপি-বিরোধী সমস্ত রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন এবং গণতান্ত্রিক শক্তিকে একসঙ্গে পথে নামতে হবে। দিল্লির মতো বাংলাতেও একটি শক্তিশালী বিরোধী ঐক্য মঞ্চ গড়ে তোলার প্রস্তাব দেন তিনি।আরও পড়ুন:
নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করে তিনি বলেন, তাঁকে হারানো হয়েছে। তিনি হারেননি।
তাঁর অভিযোগ, ভোটের ফলাফল প্রভাবিত করা হয়েছে। ফল প্রকাশের পর দেশের বিভিন্ন বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি। মমতা জানান, আজ থেকেই বিজেপির বিরুদ্ধে একজোট হতে হবে। এছাড়াও, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বিমানে হেনস্থা করা নিয়েও নিন্দা করেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের ওপর হামলা ভয় দেখানো ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ তোলেন। শুধু রাজনৈতিক দলই নয়, সাধারণ মানুষকেও তিনি ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন।