পুবের কলম, ওয়েবডেস্ক: মিত্র ইনস্টিটিউটে ভোটদান পর্ব সেরে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের শেষ দফায় শনিবার সকালে ভোট দিয়ে বেরিয়েই বিজেপির পরাজয় নিশ্চিত বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের দাবি, পর্যবেক্ষকরা নিয়ম ভেঙে তৃণমূল কর্মীদের বাড়িতে হানা দিচ্ছেন এবং তাঁদের ধমকানো-চমকানো হচ্ছে।

ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, আইনকে তোয়াক্কা করে পর্যবেক্ষকরা অতিসক্রিয়তা দেখাচ্ছেন।

তিনি বলেন, “নির্বাচন কমিশনের কোনো গাইডলাইন নেই, সিআরপিসি বা বিএনএস-এ এমন কোনো সংস্থান নেই যে পর্যবেক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে রেইড করবেন। তাঁদের কাজ হলো কমিশনের চোখ-কান হিসেবে কাজ করা এবং এসপি বা কমিশনকে রিপোর্ট দেওয়া। কিন্তু এখানে দেখা যাচ্ছে, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, সেই সব তৃণমূল কর্মীদেরও শাসানো হচ্ছে।”

কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়েও সরব হন অভিষেক।

হাইকোর্টের নির্দেশের অবমাননা করা হচ্ছে দাবি করে তিনি বলেন, “গায়ের জোরে ৩০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ থেকে এক অফিসারকে আনা হয়েছে শুধু ফুটেজ খাওয়ার জন্য। কিন্তু রুল বুক মেনে কাজ হচ্ছে না।” তাঁর মতে, বিজেপি হার নিশ্চিত জেনে এখন এজেন্সি এবং পর্যবেক্ষকদের দিয়ে ভয় দেখানোর কৌশল নিচ্ছে।

প্রথম দফার ভোট থেকেই বিজেপি ‘কুপোকাত’ হয়ে গিয়েছে বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আত্মবিশ্বাসের সুরে জানান, এই দফাতেও বিরোধীদের ‘দফারফা’ হবে। তাঁর কথায়, “ব্যালট বক্স খুললেই ছবি স্পষ্ট হয়ে যাবে। মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই আছে। গতবারের চেয়েও বেশি সমর্থন ও ভোট নিয়ে ফের আমরাই ক্ষমতায় আসব। এই সব কোনো ট্রিকই কাজ করবে না।”