পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোট গণনার আগে পোস্টাল ব্যালট সংক্রান্ত প্রক্রিয়ায় নিয়মভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। দলের দাবি, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার নির্ধারিত বিধি না মেনেই পোস্টাল ব্যালট বাছাইয়ের কাজ করেছেন। এই ঘটনায় দ্রুত কমিশনের হস্তক্ষেপও চেয়েছে শাসকদল।
আরও পড়ুন:
এর আগেও ওই গণনাকেন্দ্রের স্ট্রংরুম ঘিরে "সন্দেহজনক কার্যকলাপ"-এর অভিযোগ তুলেছিল তৃণমূল।
বৃহস্পতিবার বিকেল থেকেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে অবস্থান শুরু করেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরে দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল গণনাকেন্দ্রের স্ট্রংরুমেও পৌঁছে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের অবস্থান চলাকালীন সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক ও তাপস রায়। স্ট্রংরুমের সামনে তৃণমূলের জমায়েত নিয়ে তাঁরা আপত্তি জানান। এরপর কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর পুলিশ হস্তক্ষেপ করলে অবস্থান তুলে নেন তৃণমূল প্রার্থীরা।আরও পড়ুন:
তৃণমূলের অভিযোগ, শুধু সন্দেহজনক গতিবিধিই নয়, পোস্টাল ব্যালট সংক্রান্ত কাজেও নির্ধারিত নিয়ম মানা হয়নি। যদিও নির্বাচন কমিশনের তরফে সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। কমিশনের দাবি। সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলির প্রার্থীদের আগেই ইমেলের মাধ্যমে পোস্টাল ব্যালটের কাজকর্ম সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছিল।