পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার শেষ লগ্নে রণক্ষেত্রের চেহারা নিল ভবানীপুরের গণনাকেন্দ্র। সোমবার সন্ধ্যায় শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, গণনাকেন্দ্রের ভেতরে তাঁর গায়ে হাত তোলা হয়েছে। একইসঙ্গে নির্বাচনে বড়সড় কারচুপির অভিযোগ তুলেছেন তিনি।

সোমবার বিকেলে ভবানীপুর কেন্দ্রের ভোট গণনার পরিস্থিতি খতিয়ে দেখতে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘক্ষণ তিনি ভেতরেই ছিলেন। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তিনি যখন কেন্দ্র থেকে বেরিয়ে আসেন, তখন পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। তার আগেই কেন্দ্রের বাইরে বেরিয়ে আসেন মমতার মুখ্য নির্বাচনী এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি সংবাদমাধ্যমকে বলেন, "তৃণমূল জিতছিল।
ভবানীপুর গায়ের জোরে গুন্ডামি করে দখল করেছে বিজেপি। মমতাদিকে মেরেছে, আমাদেরও মেরেছে। শুভেন্দু অধিকারী নিজে দাঁড়িয়ে থেকে এই গুন্ডামি করেছে। আমাদের মেরে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
"

গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "সিআরপিএফ এবং বিজেপি—উভয়েই এই কাণ্ড ঘটিয়েছে। আমাদের কাউকে গণনাকেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।" তৃণমূল নেত্রীর দাবি, অন্তত ১০০টি আসন লুট করা হয়েছে। ইলেকশন কমিশন হলো বিজেপির কমিশন। আমি রাজ্যের সিইও-কেও অভিযোগ জানিয়েছি। এটা একেবারেই অন্যায় জয়, কোনোভাবেই নৈতিক জয় নয়।