পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য রাজনীতিতে চমকপ্রদ পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। দলের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ করা হলো প্রাক্তন বাম নেতা প্রতীক উর রহমান-কে। যিনি মাস দেড়েক আগেও মিটিং-মিছিল থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন, এবার তিনিই দলের হয়ে উন্নয়নমূলক কাজের পক্ষে সওয়াল করবেন। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রতীক উর রহমান ২০০৮ সাল নাগাদ সক্রিয়ভাবে বাম রাজনীতিতে যুক্ত হন এবং দ্রুতই সিপিএম-এর তরুণ মুখ হিসেবে উঠে আসেন।
বিভিন্ন আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারালো বক্তব্য তাঁকে আলোচনায় এনেছিল। একাধিক নির্বাচনে প্রার্থী হওয়া থেকে শুরু করে দলীয় জেলা ও রাজ্য কমিটিতেও জায়গা করে নিয়েছিলেন তিনি।তবে গত ফেব্রুয়ারিতে দলীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করে সিপিএম ছেড়ে দেন প্রতীক। এরপরই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। রাজনৈতিক মহলে জল্পনা ছিল, বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হতে পারে, কিন্তু তা হয়নি। এর মধ্যেই তাঁকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হলো। জানা গেছে, নিয়মিত সাংবাদিক বৈঠক না করলেও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দলের হয়ে বক্তব্য তুলে ধরবেন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই দলের পক্ষে সক্রিয় হতে দেখা গেছে প্রতীককে। সামাজিক মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে ছবি শেয়ার করা থেকে শুরু করে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের পক্ষে মত প্রকাশ করেছেন তিনি। এবার আনুষ্ঠানিকভাবে মুখপাত্রের দায়িত্ব পাওয়ায় রাজনৈতিকভাবে তাঁর নতুন ইনিংস শুরু হলো বলেই মনে করছেন।