ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সময় বুধবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে দক্ষিণ ইরানের একাধিক প্রদেশ ও দ্বীপে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
আরও পড়ুন:
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এবং প্রেস টিভি জানিয়েছে, বুশেহর, খুজেস্তান, হরমোজগান ও ফার্স প্রদেশসহ বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। বুশেহর প্রদেশে, যেখানে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত, সেখানে শক্তিশালী বিস্ফোরণের খবর মিলেছে।
তবে পারমাণবিক স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।আরও পড়ুন:
খুজেস্তান প্রদেশের আবাদান এলাকার কয়েকটি নির্দিষ্ট স্থাপনায়ও হামলার কথা জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। পাশাপাশি হরমোজগান প্রদেশের বান্দর আব্বাস, কেশম, কিশ ও আবু মুসা দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও স্থানীয় প্রশাসন জানিয়েছে, কিশ দ্বীপের বিমানবন্দর ও ফেরি পরিষেবা স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন:
এদিকে আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার দাবি, ফার্স প্রদেশের কাজরুন শহরের উপকণ্ঠেও মার্কিন বিমান হামলা হয়েছে। কেশম দ্বীপের একটি লোকালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে অন্তত তিনটি বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:
মার্কিন বাহিনীর এই রাতভর অভিযানের পর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়লেও, হামলার উদ্দেশ্য কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি।