পুবের কলম, বীরভূম: রাজ্যজুড়ে SIR প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই দানা বাঁধছে উদ্বেগ। এবার সেই আতঙ্কের বলি হলেন বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের আলুন্দা পঞ্চায়েতের ধল্লা গ্রামের এক যুবক। মৃত যুবকের নাম শেখ কামরুল (২৮)। পরিবারের অভিযোগ, তালিকায় নিজের নামের পাশে ‘বিচারাধীন’ শব্দটি দেখার পর থেকেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন তিনি, যা শেষ পর্যন্ত তাঁকে মৃত্যুর পথে ঠেলে দেয়।
স্থানীয় ও পরিবার সূত্রে খবর, সম্প্রতি SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। শেখ কামরুল আশা করেছিলেন তাঁর নাম স্বাভাবিকভাবেই তালিকায় থাকবে। কিন্তু তালিকা পরীক্ষা করতে গিয়ে তিনি দেখেন, তাঁর নামের পাশে ‘বিচারাধীন’ লিখে রাখা হয়েছে। পরিবারের দাবি, এরপর থেকেই কামরুলের মনে এক গভীর আশঙ্কার সৃষ্টি হয়।
মৃত যুবকের আত্মীয়দের দাবি, কামরুল শিক্ষিত যুবক হওয়া সত্ত্বেও এই প্রশাসনিক পরিভাষাটি তাঁকে আতঙ্কিত করে তুলেছিল। তাঁর ভয় ছিল ভবিষ্যতে তাঁর নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে। তাঁকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে বা দেশ ছাড়তে বাধ্য করা হতে পারে। সরকারি সুযোগ-সুবিধা থেকে তিনি বঞ্চিত হবেন। কামরুলের এক আত্মীয় জানান, “তালিকায় ওই তকমা দেখার পর থেকে ও ঠিকমতো খাওয়া-দাওয়া করছিল না। সারাক্ষণ বলত, আমাদের কি তবে এদেশ ছেড়ে চলে যেতে হবে? এই মানসিক চাপ ও নিতে পারেনি।”























