পুবের কলম, ওয়েবডেস্ক: গোয়ায় ছাত্র বিক্ষোভ চলাকালীন জেলবন্দি ছাত্রনেতা উমর খালিদের সমর্থনে স্লোগান দেওয়া এবং বিক্ষোভ কর্মসূচি আয়োজনের পেছনে আর্থিক উৎস ও মূল “উদ্দেশ্য” কী ছিল, তা নিয়ে আয়োজকদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ শুরু করল গোয়া পুলিশ। সম্প্রতি গোয়ার মাপুসা এবং পানাজিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত ছাত্র বিক্ষোভে উমর খালিদের সমর্থনে প্লাকার্ড প্রদর্শন ও স্লোগান দেওয়ার অভিযোগে দুই তরুণকে আটক করে পুলিশ। ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার মামলায় বর্তমানে জেলবন্দি রয়েছেন উমর খালিদ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাপুসা ও পানাজির ওই দুটি কর্মসূচির আয়োজক ছিল ‘উজভাদ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
খালিদের সমর্থনে প্লাকার্ড ও স্লোগান তোলার বিরোধিতা করে স্থানীয় সংগঠন ‘সিটিজেন্স অফ মাপুসা’ পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার পানাজি থানা এনজিও-র সচিব আমরিণ শেখকে তলব করে। সূত্রে জানা গেছে, তদন্তকারী আধিকারিক শেখকে প্রায় ২৪০টি প্রশ্ন করেন। যার মূল লক্ষ্য ছিল এই কর্মসূচির অর্থায়নের উৎস এবং স্লোগান তোলার পেছনের উদ্দেশ্য চিহ্নিত করা।আরও পড়ুন:
জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে চান, এই আন্দোলনের নেতৃত্ব বা অর্থায়নে কারা ছিল? আন্দোলন সংক্রান্ত কোনো হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যাল গ্রুপের সঙ্গে আয়োজকরা যুক্ত কি না? কর্মসূচির স্থানে কীভাবে যাতায়াত করা হয়েছিল এবং এই আন্দোলনের মূল রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য কী ছিল? কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট ছাত্র সংগঠনের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে কি না? উত্তর গোয়ার পুলিশ সুপার হরিশচন্দ্র মাডকাইকার সংবাদসংস্থা পিটিআই-কে জানান, স্থানীয় একটি সংগঠনের দায়ের করা অভিযোগের ওপর ভিত্তি করেই এই আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছিল। তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে যেসব প্রশ্ন করা হয়েছে, সেগুলি সম্পূর্ণ তদন্তের স্বার্থেই করা হয়েছে।”