পুবের কলম, ওয়েবডেস্ক: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পেলেট গান চালানোর নির্দেশ দেওয়া আধিকারিকদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুললেন ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। বুধবার দিল্লিতে দীর্ঘ এক মাস ব্যাপী ছাত্র বিক্ষোভের পর নিজের শহরে ফিরে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, পুলিশি হেনস্থা বন্ধ না হলে দেশের যুবসমাজ আগামী দিনে “সরকারই বদলে দেবে”।
আরও পড়ুন:
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লি থেকে ফিরে ছত্রপতি সম্ভাজিনগর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন দিপকে। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারী ছাত্রনেতা ও সক্রিয় কর্মীদের বাড়িতে বিভিন্ন রাজ্যের পুলিশ গিয়ে গ্রেফতারির হুমকি দিচ্ছে এবং তাঁদের পরিবারকে অহেতুক হেনস্থা করছে।
সরকারের দমনপীড়নের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সিজেপি প্রধান বলেন, “সরকারের এবার সঠিকভাবে আচরণ করা উচিত। গত ২০ জুলাই ‘সংসদ অভিযান’-এর সময় দিল্লির রাজপথে শিক্ষার্থীদের রক্ত ঝরেছে, যা অত্যন্ত মর্মান্তিক ছিল। তা সত্ত্বেও এখনও শিক্ষার্থীদের ওপর অত্যাচার চালানো হচ্ছে! একাধিক রাজ্যে পুলিশ ছাত্রকর্মীদের বাড়িতে গিয়ে গ্রেফতারির ভয় দেখাচ্ছে।”আরও পড়ুন:
যন্তর মন্তরে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ছররা গুলি বা পেলেট গান ব্যবহারের তীব্র নিন্দা জানিয়ে দিপকে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমিত হয়েছে ভেবে নিলে সরকার ভুল করবে। তিনি স্পষ্ট করে জানান, “সে অমিত শাহ-ই হোন বা অন্য যে কেউ, যাঁর নির্দেশে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পেলেট গান চালানো হয়েছিল, তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিতেই হবে।”
আরও পড়ুন:
প্রয়োজনে আরও বড় মাপের গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে অভিজিৎ দিপকে বলেন, “এই শিক্ষার্থীরা কোনো জঙ্গি নয়, এরা আমাদের দেশের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎকে যদি এভাবে নিপীড়ন করা হয়, তবে মনে রাখবেন—যেমনটা ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে, ঠিক তেমনই সরকার যদি নিজেদের শুধরে না নেয়, তবে আগামীকাল আমরা এই সরকারকেই বদলে দেব।”