পুবের কলম ওয়েব ডেস্ক: নানা ইস্যুতে দেশজুড়ে পুনরায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের এই ঘোষণার পরেই রাজধানী দিল্লিতে নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার সকাল থেকেই যন্তর মন্তর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা চরম আঁটসাঁট করা হয়েছে। সম্ভাব্য উত্তেজনা এড়াতে গোটা এলাকা শয়ে শয়ে ব্যারিকেডে ঘিরে ফেলার পাশাপাশি নামানো হয়েছে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) এবং দিল্লি পুলিশের অতিরিক্ত বাহিনী।

গত মঙ্গলবার সিজেপি-র পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের গুরুতর অভিযোগ তোলা হয়। দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা দাবি করেন, সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করার আশ্বাস দিলেও বাস্তবে তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে ইতিমধ্যে শত শত ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ধৃতদের অবিলম্বে মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহারের দাবি জানিয়েছেন সিজেপি মুখপাত্র।

এই দাবি পূরণ না হলে নতুন করে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

দিল্লি পুলিশ ও প্রশাসনের এই তৎপরতা যন্তর মন্তরের পুরনো স্মৃতি ফিরিয়ে আনছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই যন্তর মন্তরেই টানা ৩৬ দিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়েছিল সিজেপি বা ‘আরশোলা’রা। সিজেপি-র সাম্প্রতিক হুঁশিয়ারির পর যন্তর মন্তরে পুনরায় পুলিশ ও র‌্যাফ মোতায়েনের এই ছবি দেখে রাজধানী ফের উত্তপ্ত হয়ে উঠবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে।