পুবের কলম, ওয়েবডেস্ক: কয়লা ব্লক বণ্টন মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করার পর সঙ্ঘ পরিবার ও সংবাদমাধ্যমের একাংশকে কড়া ভাষায় নিশানা করলেন কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। বৃহস্পতিবার তিনি দাবি করেন, অবাস্তব কেলেঙ্কারির অজুহাতে যাঁরা দীর্ঘদিন প্রাক্তন প্রধানমন্ত্রীকে 'অপমান' করেছেন, তাঁদের এখন মনমোহন সিংয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় সতীশন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিখ্যাত উক্তি উদ্ধৃত করে বলেন—“আমি কী করেছি আর কী করিনি, ইতিহাস তার বিচার করবে। আমি বিশ্বাস করি, সংবাদমাধ্যমের চেয়ে ইতিহাস আমার প্রতি অনেক বেশি সদয় হবে।
” এই বার্তা তুলে ধরে সতীশন বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং কতটা সঠিক ছিলেন, আদালতের এই রায় তা আবারও প্রমাণ করল।আরও পড়ুন:
ভি ডি সতীশন তাঁর ‘এক্স’ পোস্টে লিখেছেন, “আপনি কতটাই না সত্যি বলেছিলেন, ডক্টর মনমোহন সিংজি! আপনার নেতৃত্ব ছাড়া আজ ভারত কোথায় থাকত, তা পিছন ফিরে তাকালেই আপনার প্রকৃত মহানুভবতা বোঝা যায়। বুধবার সুপ্রিম কোর্ট দীর্ঘ ১১ বছরের কয়লা ব্লক বণ্টন সংক্রান্ত মামলার ইতি টেনে নিম্ন আদালতের অবস্থানকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং আপনাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করেছে।
” তিনি আরও বলেন, ডক্টর মনমোহন সিং ছিলেন এক দৃঢ়চেতা, দয়ালু এবং প্রকৃত রাষ্ট্রনায়ক। তাঁর উৎসর্গীকৃত সেবা এবং অনমনীয় সততা চিরকাল দেশবাসীর মনে গাঁথা থাকবে।আরও পড়ুন:
উল্লেখ্য, বুধবার দেশের শীর্ষ আদালত ২০০৫ সালে ওড়িশার ‘তালবিরা-২’ কয়লা ব্লক বণ্টন মামলায় সিবিআই-এর দাখিল করা ক্লোজার রিপোর্ট গ্রহণ করে ড. মনমোহন সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলাটি খারিজ করে দেয়। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর প্রয়াত হন মনমোহন সিং। তাঁর মৃত্যুর পর সুপ্রিম কোর্টের এই রায়ের মাধ্যমে ইউপিএ আমলের এই হাই-প্রোফাইল মামলা থেকে তিনি বেকসুর খালাস পেয়েছেন।