পুবের কলম ওয়েব ডেস্ক: শুধুমাত্র ব্যতিক্রমী বা বিশেষ পরিস্থিতিতেই পুলিশ ছররা গুলি ব্যবহার করতে পারবে। বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে এই বিষয়টি স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন র‌্যাফ-এর কাছে ঠিক কী পরিমাণ কার্তুজ ছিল, তার বিস্তারিত হিসেব সংরক্ষণ করার জন্য কেন্দ্রীয় সরকারকে কড়া নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

সম্প্রতি নিট দুর্নীতি ইস্যুকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে হওয়া ব্যাপক ছাত্র আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধে ছররা গুলি চালানোর গুরুতর অভিযোগ ওঠে।

এই ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবরও সামনে আসে। এরপরই পুলিশের ছররা গুলি ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন। মামলাকারীদের মধ্যে এমন দু’জন রয়েছেন যাঁরা ওই দিনের বিক্ষোভে ছররা গুলিতে জখম হয়েছিলেন বলে দাবি করেছেন। এ ছাড়াও, পেলেট গান বা ছররা গুলির ব্যবহারের উপর নিষেধাজ্ঞা চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানান কেন্দ্রের প্রাক্তন তথ্য কমিশনার তথা অবসরপ্রাপ্ত আমলা যশবর্ধন আজাদ।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের গঠিত বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিপর্বে 'ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট'-এর নির্দেশিকার প্রসঙ্গ টেনে আদালত জানায়, বাহিনীর নির্দিষ্ট নিয়মবিধি মেনে কেবল মাত্র ব্যতিক্রমী ক্ষেত্রেই পুলিশ এই ধরনের গুলি ব্যবহার করতে পারে। একইসঙ্গে, ছররা গুলি ব্যবহারের ক্ষেত্রে আদর্শ কার্যপদ্ধতি বা 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর' (এসওপি) ঠিক কী রয়েছে, দিল্লি পুলিশকে তা আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

শীর্ষ আদালতের বেঞ্চ আরও জানিয়েছে যে, প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে ছররা গুলি চালানোর অভিযোগটি তারা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে। এদিন আদালতে কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁকে আদালত নির্দেশ দেয় যে, আন্দোলনের সময় যন্তর মন্তরে মোতায়েন থাকা র‌্যাফ জওয়ানদের কার্তুজের যাবতীয় হিসেব সুরক্ষিত রাখতে হবে।