উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: সারা রাজ্য জুড়ে বৃহস্পতিবার বিজেপির উদ্যোগে পালিত হলো বিশেষ তিরঙ্গা যাত্রা। এই কর্মসূচির অংশ হিসেবে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার জয়নগর বিধানসভার উদ্যোগে জয়নগর মজিলপুর পৌর শহরে আয়োজিত এই পদযাত্রায় হাজার হাজার কর্মী ও সমর্থকদের ব্যাপক উল্লাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের হাতেগোনা আর মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে, আর সেই মাহেন্দ্রক্ষণের প্রাক্কালে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে এই তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে।

এদিন জয়নগর বুড়োরঘাট থেকে তিলিপাড়া পর্যন্ত আয়োজিত এই মিছিলে পা মেলান বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অলোক হালদার।

এছাড়াও ৫ জন মন্ডল সভাপতিসহ বহু বিজেপি কর্মী, সমর্থক এবং স্থানীয় সাধারণ মানুষ এই তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অন্যদিকে, একই দিনে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্করের নেতৃত্বে এবং বিভিন্ন মন্ডল সভাপতিদের উপস্থিতিতে কুলতলির জালাবেড়িয়া রামেশ্বর মন্দির থেকে কুলতলির জামতলা বাজার পর্যন্ত আরও একটি মিছিল পরিচালিত হয়। এই মিছিলে অংশগ্রহণকারী কর্মী ও সমর্থকরা শতাধিক ফুট দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে পথ চলেন। এই কর্মসূচিতে বিজেপির জেলা সভাপতি উৎপল নস্কর ছাড়াও মাধবী মহলদার, উত্তম হালদারসহ দলের আরও অনেক বিশিষ্ট নেতৃত্ব ও কর্মী সমর্থকরা সক্রিয়ভাবে তিরঙ্গা যাত্রা সফল করতে অংশ নেন।