জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটির দাবি, বৃহস্পতিবার ভোরের ওই হামলায় কয়েকজন মার্কিন কর্মকর্তা ও কারিগরি কর্মীও নিহত হয়েছেন।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় তিনটি এফ-৩৫ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও অন্তত তিনটি যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানের দাবি, কেশম দ্বীপে মার্কিন হামলার জবাব হিসেবেই জর্ডানের এই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
তবে ইরানের এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

অন্যদিকে, জর্ডানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয় এবং দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো মাঝ আকাশেই ভূপাতিত করে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও আল-আজরাক বিমানঘাঁটিতে হামলার দাবি করেছিল ইরান। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৩৩২তম এয়ার এক্সপেডিশনারি উইং মোতায়েন রয়েছে।

কয়েক দিনের বিরতির পর বুধবার রাত থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। জর্ডানে মার্কিন বাহিনীর ওপর আগের হামলার জবাবে ইরানে ব্যাপক বিমান হামলা চালানোর কথা ইতোমধ্যে নিশ্চিত করেছে ওয়াশিংটন।