পুবের কলম ওয়েবডেস্কঃ ভোটের আগে রামনবমীর মিছিল ঘিরে জঙ্গিপুরে হিংসার ঘটনা ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতি। এনিয়ে ইতমধ্যেই বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিতর্কে জড়ালেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মুর্শিদাবাদের জঙ্গিপুরে ঘটে যাওয়া গোলমালের ভিডিওকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে বিজেপি।
এই ঘটনাকে সামনে রেখে অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শাসকদল।আরও পড়ুন:
শুক্রবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে জঙ্গিপুরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলে ইট ছোড়া, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায় এলাকা কার্যত অশান্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, উচ্চস্বরে গান বাজানোকে ঘিরে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, যা পরে বড় আকার নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ১৬৩ ধারা জারি করে এবং বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। বিজেপির দাবি, রামনবমীর মিছিলে পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়েছিল এবং সেই অভিযোগের সমর্থনে ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে তাদের তরফে। তবে এই ভিডিও নিয়েই আপত্তি তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, সম্পূর্ণ ঘটনার কিছু অংশ বেছে নিয়ে তা সম্পাদনা করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, যাতে রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতেই অমিত মালব্যর বিরুদ্ধে আনুষ্ঠানিক পদক্ষেপ করা হয়েছে।আরও পড়ুন:
অন্যদিকে, আরেকটি ঘটনায় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে একটি সভা থেকে তিনি পুলিশকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন। বক্তব্যে তিনি কার্যত পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি হুঁশিয়ারির সুরে মন্তব্য করেন, যা নিয়ে বিতর্ক ছড়িয়েছে। এই মন্তব্যকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে শোকজ নোটিস জারির দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।