পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পর্ব জোর কদমে চলছে। সেই আবহেই খড়গপুর মহকুমাশাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন জমা দেন।

মনোনয়ন জমা দেওয়ার পর রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, অতীতেও যখন তিনি জনপ্রতিনিধি ছিলেন, তখন দায়িত্বের সঙ্গে এলাকার মানুষের জন্য কাজ করেছেন। ডেবরার মানুষের উন্নয়ন সংক্রান্ত অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আগামী দিনেও তাঁদের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি তাঁর দাবি, ২০২৬ সালের নির্বাচনে ডেবরা কেন্দ্রে তৃণমূলের জয়ের ব্যবধান আরও বাড়বে।

উল্লেখ্য, রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। বিভিন্ন জেলায় প্রার্থীরা শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

পশ্চিম বর্ধমানেও এদিন একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন। বর্ণাঢ্য মিছিল করে জেলাশাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে কুলটি কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় পোদ্দারও তাঁর মনোনয়ন জমা দেন।

অন্যদিকে পাণ্ডবেশ্বর কেন্দ্রেও এদিন দুই প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি প্রতীকীভাবে মাছ নিয়ে মনোনয়ন জমা দিতে যান।

একই দিনে তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীও বর্ণাঢ্য শোভাযাত্রা করে দুর্গাপুর মহকুমাশাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় এবং দলনেত্রীর আশীর্বাদ নিয়েই তিনি দফতরে পৌঁছন।

এদিকে ঝাড়গ্রাম জেলাতেও তৃণমূলের চার প্রার্থী এদিন মনোনয়ন জমা দিয়েছেন। গোপীবল্লভপুরের অজিত মাহাত, নয়াগ্রামের দুলাল মুর্মু, বিনপুরের বীরবাহা হাঁসদা এবং ঝাড়গ্রাম কেন্দ্রের প্রার্থী মঙ্গল সরেন শোভাযাত্রা করে মনোনয়ন জমা দেন। পাশাপাশি বাঁকুড়া কেন্দ্র থেকেও তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডল এদিন তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।