পুবের কলম ওয়েব ডেস্ক: ফর্ম ৬ জমা দেওয়া নিয়ে রাজ্যের রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। মঙ্গলবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সকাল থেকেও নির্বাচন কমিশনের রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। সেখানে ধরনা ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
অভিযোগ, মঙ্গলবার রাতেও সিইও দপ্তরের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ জমায়েত করে বিক্ষোভ দেখান।
সেই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। কমিশন জানিয়ে দিয়েছে, এ ধরনের অসামাজিক আচরণ কোনওভাবেই মেনে নেওয়া হবে না এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।ফর্ম ৬ জমা দেওয়া নিয়েই মূলত এই বিতর্কের সূত্রপাত। তৃণমূলের অভিযোগ, একজন ব্যক্তি ব্যাগ ভর্তি ফর্ম ৬ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে ঢুকেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের বিরুদ্ধে কলকাতার হেয়ারস্ট্রিট থানায় এফআইআরও দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
মঙ্গলবার সিইও দফতরের সামনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের বহু কর্মী-সমর্থক। অন্যদিকে অভিযোগ জানাতে সেখানে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও শমিক ভট্টাচার্য। দুই পক্ষের মধ্যে বচসা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন:
সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতেও তৃণমূল কর্মীদের একাংশ সিইও দপ্তরের সামনে অবস্থান চালিয়ে যান।
উপস্থিত পুলিশ আধিকারিকরা তাঁদের সঙ্গে কথা বলেন। পরে তাঁরা কিছুটা দূরে সরে যান। রাতের সেই ঘটনার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে জানানো হয়, নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার মতো কোনও কার্যকলাপ বরদাস্ত করা হবে না।এদিকে বুধবার সকাল থেকেই আবার সিইও দপ্তরের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত শুরু হয়েছে। এলাকায় ব্যারিকেড বসানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দার মধ্যে একটি বৈঠক হয়। পরে পুলিশ কমিশনার হেয়ার স্ট্রিট থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেন বলে সূত্রের খবর।