পুবের কলম, ওয়েবডেস্ক: মাত্র ৫০ হাজার টাকার পাওনাগণ্ডা নিয়ে বচসা, আর তাতেই ফাঁস হয়ে গেল কয়েক কোটি টাকার এক আন্তর্জাতিক অঙ্গ পাচার চক্র। উত্তরপ্রদেশের কানপুরে এই চাঞ্চল্যকর ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন চিকিৎসকসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে যে, এই চক্রটি ইতিমধ্যেই অন্তত ৪০ জন দেশি-বিদেশি নাগরিকের দেহে অবৈধভাবে কিডনি প্রতিস্থাপন করেছে।
 
পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিহারের সমস্তিপুরের এক এমবিএ ছাত্র আয়ুষ।

মিরাটে পাঠরত আয়ুষ আর্থিক অনটনের কারণে নিজের একটি কিডনি ১০ লক্ষ টাকায় বিক্রি করার চুক্তি করেছিলেন পাচারকারীদের সঙ্গে। কিন্তু অস্ত্রোপচারের পর তাকে দেওয়া হয় ৯.৫ লক্ষ টাকা। চুক্তির চেয়ে ৫০ হাজার টাকা কম পাওয়ায় ক্ষুব্ধ আয়ুষ সরাসরি পুলিশের দ্বারস্থ হন। তার এই একটি ফোন কলেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে এই বিশাল অপরাধ সাম্রাজ্য।

 
পুলিশি তদন্তে জানা গেছে, এই চক্রের জাল দিল্লি, মুম্বই, কলকাতা এমনকি নেপাল পর্যন্ত বিস্তৃত। চক্রটির কার্যপ্রণালী ছিল অত্যন্ত সুপরিকল্পিত। শিবম আগরওয়াল নামে এক অ্যাম্বুলেন্স চালক টেলিগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আর্থিক অনটনে থাকা যুবকদের টার্গেট করত। পুলিশ জানিয়েছে, ডাঃ সুরজিৎ সিং আহুজা (আহুজা হাসপাতালের মালিক), ডাঃ প্রীতি আহুজা, ডাঃ রাজেশ কুমার, ডাঃ রাম প্রকাশ, ডাঃ নরেন্দ্র সিং ও শিবম আগরওয়ালকে (অ্যাম্বুলেন্স চালক) গ্রেফতার করা হয়েছে।