পুবের কলম ওয়েব ডেস্ক: চোখের চিকিৎসার জন্য ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, অভিষেক তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং তাঁর এই যাত্রায় কোনওরকম প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র কারও বিরুদ্ধে মামলা চলমান থাকার যুক্তিতে তাঁকে বিদেশে গিয়ে নিজের পছন্দমতো চিকিৎসা পরিষেবা নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যায় না।

এর আগে এই একই আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু গত বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়।

হাই কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা যাচাই করার জন্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে যেতে হবে। সেখানে মেডিক্যাল বোর্ড গঠন করে পরীক্ষা করার পর বিশেষজ্ঞ চিকিৎসক যদি মনে করেন যে বিদেশে চিকিৎসা ছাড়া উপায় নেই, তবেই তা বিবেচনা করা হবে। কিন্তু অভিষেকের আইনজীবী আদালতে স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁর মক্কেল এসএসকেএম-এ যাবেন না। এরপরই হাই কোর্ট পুরো মামলাটি খারিজ করে দেয়।

হাই কোর্টে আর্জি খারিজ হওয়ার পর গত ৭ অগস্ট গভীর রাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ।

প্রসঙ্গত, এর আগে গত সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি ৭ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়ে হাই কোর্টেই ফেরত পাঠিয়েছিল। কিন্তু হাই কোর্টে অনুমতি না মেলায় ফের শীর্ষ আদালতে যান তিনি।
হাই কোর্টে শুনানির সময় রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার অভিষেকের বিদেশযাত্রার তীব্র আপত্তি জানিয়েছিলেন। রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়েছিল যে, অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। এই পরিস্থিতিতে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্ত প্রক্রিয়ায় সমস্যা হতে পারে। তবে সোমবার সুপ্রিম কোর্ট রাজ্যের সেই যুক্তিকে গুরুত্ব না দিয়ে অভিষেকের বিদেশযাত্রার পক্ষেই রায় দিয়েছে।