ওয়াহিদ রেজা: লালগোলা বিধানসভার বিধায়ক ডা. আব্দুল আজিজ আয়ুষ্মান সপ্তাহের স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে ছোট ছোট শিশুদের চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন। তাঁর এই মানবিক উদ্যোগকে সানন্দে স্বাগত জানিয়েছেন নসিপুর অঞ্চলের সাধারণ মানুষ।রবিবার নশিপুরে আয়ুষ্মান সপ্তাহ ২০২৬-এর অন্তর্গত একটি স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন বিধায়ক। শিবিরটিতে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পাশাপাশি তিনি BMOH, স্বাস্থ্যকর্মী ও উপস্থিত সাধারণ রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।

এই পরিদর্শনের সময় তিনি শিবিরে চিকিৎসার জন্য আসা কয়েকজন শিশুকেও নিজহাতে পরীক্ষা করেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।

বিধায়ক ডা. আব্দুল আজিজ জানিয়েছেন, লালগোলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে  পর্যায়ক্রমে আরও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। তাঁর আশা, এই মহতী উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত এলাকার বহু মানুষ খুব সহজেই ঘরের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসার সুযোগ লাভ করবেন। আগামী ১৬ আগস্ট পর্যন্ত লালগোলা ব্লকের বিভিন্ন অঞ্চলে এই আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য শিবির চলবে বলে তিনি জানান।