পুবের কলম ওয়েব ডেস্ক: প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও সিআইডি-র জেরার মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক তথা তাঁর বাল্যবন্ধু সুমিত রায়। শনিবার প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রবিবার ভবানীভবনে তাঁকে আরও ঘণ্টা ছয়েক জেরা করেন তদন্তকারীরা। এদিন সন্ধ্যা ৬টা নাগাদ সিআইডি দপ্তর থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। সোমবার ফের তাঁকে তলব করা হয়েছে।
আরও পড়ুন:
দীর্ঘদিন সিআইডি-র তলব এড়িয়ে তিনি কোথায় আত্মগোপন করেছিলেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সুমিতের সংক্ষিপ্ত জবাব, "আশেপাশেই ছিলাম। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আমি চলছি। এর বেশি কোনও মন্তব্য করব না।
" মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার সঙ্গে কোটি কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেন, প্রার্থী করার বিনিময়ে টাকা আদায় এবং পশ্চিম মেদিনীপুরের জমি কেলেঙ্কারি-সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে সুমিতের বিরুদ্ধে। আর্থিক লেনদেন প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, "সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কিছু হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে আমি আবারও আসব।"আরও পড়ুন:
উল্লেখ্য, সিআইডি-র তলব এড়িয়ে চলা সুমিত গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়ে রেখেছেন। আদালতের শর্ত অনুযায়ীই তাঁকে এখন তদন্তকারীদের মুখোমুখি হতে হচ্ছে। জানা গিয়েছে, গত দু'দিন ধরে মূলত শালবনির জমি দুর্নীতি মামলাতেই তাঁকে জেরা করা হয়েছে। সূত্র মারফত খবর, সোমবার ডেবরার জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পুনরায় ভবানীভবনে হাজিরা দিতে হবে।
এদিকে, শনিবার টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিআইডি দপ্তর থেকে বেরিয়ে সংবাদমাধ্যমে কোনও কথা না বলে তিনি সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। রবিবারও ভবানীভবন থেকে বেরিয়ে তিনি অভিষেকের বাড়িতেই যান বলে জানা গিয়েছে।