পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার নবান্নে এসআইআরের ট্রাইব্যুনাল নিয়ে আলোচনার জন্য বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৩ জন বিরোধী বিধায়কের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম এবং অরূপ রায়ও। এদিন বৈঠকের শেষে খোলামেলা আলাপচারিতায় নিজের পুরনো রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী। একদা সতীর্থ ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে তিনি জানান, তাঁর দল ছাড়ার কারণ তাঁরা সকলেই জানেন।

স্মৃতিচারণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১১ সালের ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার সময় তাঁর হাত থেকে মাইক কেড়ে অন্য একজনকে দেওয়া হয়েছিল।

সেই ঘটনা থেকেই তিনি বুঝেছিলেন যে সেখানে আর রাজনীতি করা সম্ভব নয়। দলে 'ভাইপো রাজ' শুরু হওয়ার বিষয়টিও তিনি এদিন উল্লেখ করেন। পাশাপাশি পুরনো ক্যাবিনেট বৈঠকে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর নানা আলোচনার কথাও এদিনের আলাপচারিতায় উঠে আসে।

বৈঠকের পর বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে এসে মুখ্যমন্ত্রীর আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম। তিনি জানান, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রীদের তিনি দেখেছেন, তবে বিধানচন্দ্র রায়ের পর শুভেন্দু অধিকারীর মতো এমন আন্তরিকতা তিনি আর দেখেননি। উল্লেখ্য, এদিন নবান্নে বিরোধী বিধায়কদের জন্য ফিশরোল, চিকেন স্প্রিং রোল, কালাকাঁদ, মিষ্টিসুখ, কুকিজ, চা ও ব্ল্যাক কফি দিয়ে বিশেষ আতিথেয়তার ব্যবস্থা করা হয়েছিল।