পুবের কলম ওয়েব ডেস্ক: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি হল কলকাতা হাই কোর্টে। মঙ্গলবার এই মামলায় বর্তমান মুখ্যমন্ত্রী তথা ওই কেন্দ্রের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর আইনজীবী জয়দীপ কর লিখিত জবাব জমা দেওয়ার জন্য আদালতের কাছে চার সপ্তাহ সময় চান। বিচারপতি গৌরাঙ্গ কান্ত সেই আবেদন মঞ্জুর করেছেন।

তবে এত দীর্ঘ সময় দেওয়ার তীব্র বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আদালতে ক্ষোভ প্রকাশ করে তিনি মন্তব্য করেন যে, কলকাতা হাই কোর্টে নির্বাচনী মামলাগুলির নিষ্পত্তি হতে পাঁচ বছর পেরিয়ে যায়, এটি যেন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে। যদিও বিচারপতি জানান, শুভেন্দু অধিকারীর আইনজীবী যেহেতু এই প্রথমবার সময় চেয়েছেন, তাই তাঁর আবেদন গ্রহণ করা হয়েছে।

শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী জানান, আদালতের পূর্ববর্তী নির্দেশিকা মেনে ইতিমধ্যেই সংশ্লিষ্ট ইভিএম এবং এই মামলার প্রয়োজনীয় সমস্ত নথিপত্র যথাযথভাবে সুরক্ষিত রাখা হয়েছে। তাই মামলাটি বিলম্বিত হওয়ার বা থমকে যাওয়ার কোনও কারণ নেই।

দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি কান্ত নির্দেশ দেন, আগামী চার সপ্তাহের মধ্যে মামলাকারী এবং বিরোধী উভয় পক্ষকেই নিজেদের কাছে থাকা নথির প্রতিলিপি একে অপরকে হস্তান্তর করতে হবে। পাশাপাশি এই সংক্রান্ত হলফনামাও আদালতে জমা করতে হবে। চার সপ্তাহ পরই মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এদিকে, ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করা আরও এক প্রার্থী এই মামলায় নিজেকে যুক্ত করার আবেদন জানিয়ে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার জেনারেলকে আদালতে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।