পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া প্রতিশ্রুতি মেনে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিল নবান্ন। সোমবার এই বিভাগে নতুন করে তিন জন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন মুরলিধর শর্মা, আকাশ মাঘারিয়া এবং কামনাশিস সেন। এঁদের পাশাপাশি মূলক সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আরও ১৬ জন অফিসারকে এই বিশেষ শাখায় বদলি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার মধ্যে সকল আধিকারিককে তাঁদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
রাজ্য পুলিশের এই দুর্নীতি দমন শাখার মূল কাজ হল সরকারের অধীনস্থ কর্মচারী এবং আধিকারিকদের বিরুদ্ধে ওঠা যাবতীয় দুর্নীতির অভিযোগের তদন্ত করা। পূর্বতন তৃণমূল সরকারের আমলে আমফান থেকে শুরু করে সেবাশ্রয়ের মতো একাধিক সরকারি প্রকল্পে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে নাম জড়িয়েছিল বহু সরকারি আধিকারিকেরও।
প্রশাসনের একাংশের মতে, নতুন এই আধিকারিকরা দায়িত্ব নেওয়ার পর পুরনো সেই অভিযোগগুলোর তদন্ত প্রক্রিয়ায় আরও গতি আসবে এবং দোষীদের দ্রুত প্রকাশ্যে আনা সম্ভব হবে। নতুন দায়িত্ব পাওয়া ওই ১৬ জন অফিসারের তালিকায় বিশ্বজিৎ পাত্র, দীপঙ্কর সরকার, সৌমেন বিশ্বাস এবং সঞ্জয় কুমার মণ্ডলদের মতো আধিকারিকরাও রয়েছেন।আরও পড়ুন:
সদ্য নির্বাচিত সরকারকে যাতে পূর্বতন আমল বা বর্তমান আমলাদের কোনওরকম দুর্নীতির জেরে অস্বস্তিতে পড়তে না হয়, সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী এই কড়া পদক্ষেপ করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দুর্নীতি দমন শাখাকে নতুন রূপ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন। সম্প্রতি এই সংক্রান্ত একটি বিশেষ বৈঠক করে তিনি কড়া বার্তা দেন যে, সরকারি আধিকারিকরা ঘুষ বা বেআইনি টাকা নিলে সরাসরি তাঁদের জেলে যেতে হবে। মুখ্যমন্ত্রীর সেই কড়া হুঁশিয়ারির রেশ ধরেই প্রশাসনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে এই ব্যাপক রদবদল ঘটিয়েছে নবান্ন।