দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অনিল ভার্মাকে নিয়োগ করল রাজ্য সরকার। সোমবার অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে তাঁর নিয়োগের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে।

উত্তর প্রদেশের বাসিন্দা অনিল ভার্মা ১৯৮৯ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস কর্মকর্তা।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে তিনি প্রশাসনিক পরিষেবায় যোগ দেন। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) এবং পশ্চিমবঙ্গ ভ্যালুয়েশন বোর্ডের চেয়ারম্যানসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রায় ৩৭ বছরের কর্মজীবনে তিনি ২৭টি ভিন্ন প্রশাসনিক পদে কাজ করেছেন।

উল্লেখ্য, আগের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আমলা দেবল রায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পদত্যাগ করেন।

এরপর কয়েক মাস ধরে পিএসসি-র চেয়ারম্যান পদটি শূন্য থাকায় প্রশাসনিক কাজকর্মে নানা সমস্যা দেখা দেয়। বিশেষ করে পদোন্নতি-সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া ব্যাহত হওয়ায় অনেক সরকারি কর্মী প্রাপ্য পদোন্নতি ছাড়াই অবসরে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছিল।

চেয়ারম্যান নিয়োগের দাবিতে সরকারি কর্মীদের বিজেপি-সমর্থিত একটি সংগঠন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও চিঠি দিয়েছিল। অবশেষে সেই জট কাটিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে কমিশনের প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে বলেই মনে করা হচ্ছে।