টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আংশিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। এর ফলে একদিনের বিরতির পর রবিবার ভোর থেকেই আবার শুরু হয়েছে এবারের অমরনাথ যাত্রা। প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যেই জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের প্রথম কনভয় রওনা দেয়।
আরও পড়ুন:
সরকারি সূত্রে জানা গেছে, এদিন ১৭৭টি গাড়ির কনভয়ে মোট ৩ হাজার ৮৮৬ জন ভক্ত বালতালের উদ্দেশে যাত্রা করেন। সেখান থেকে মধ্য কাশ্মীরের গন্দরবল জেলার পথ ধরে তারা ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত পবিত্র অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশে রওনা হন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ৩ জুলাই শুরু হওয়া ৫৭ দিনের অমরনাথ যাত্রায় ইতোমধ্যেই সাড়ে চার লক্ষেরও বেশি পুণ্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন। চলতি বছরের তীর্থযাত্রা শেষ হবে আগামী ২৮ আগস্ট।
আরও পড়ুন:
উল্লেখ্য, প্রবল বর্ষণের জেরে উদমপুরের ঝাকানি থেকে রামবনের বানিহাল পর্যন্ত জাতীয় সড়কের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় শনিবার জম্মু থেকে অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। পরে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চালিয়ে উদমপুরের সামরোলি এলাকার দেওয়াল ব্রিজ সংলগ্ন সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশে একমুখী যান চলাচল পুনরায় চালু করা হয়।
আরও পড়ুন:
যদিও সড়ক সংস্কারের কাজ এখনও চলছে, তবুও আপাতত হালকা যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিন খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকায় তীর্থযাত্রীদের সতর্কতার সঙ্গে যাত্রা করার পরামর্শ দিয়েছে প্রশাসন।